শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন একটি সেমাই প্রস্তুত কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মনাই ছৈয়াল কান্দি এলাকায় অবস্থিত আর.এম ফুড প্রোডাক্ট নামের একটি সেমাই প্রস্তুত কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কারখানাটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়া সেমাই উৎপাদন ও বাজারজাত করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আনসার বাহিনীর একটি চৌকস দল।
কারখানায় অভিযান শেষে উপজেলার কাজিরহাট বাজারে মাছপট্টি, মাংসপট্টি ও ফলপট্টিতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ফল ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ কাজিরহাট বাজারে অভিযান চালানো হয়েছে। বাজারে মূল্য তালিকা প্রদর্শনসহ ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে তদারকি করা হয়েছে এবং অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।