Wednesday, 11th November, 2026

শরীয়তপুরে জাতীয় পাট দিবস পালিত

শরীয়তপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জাতীয় পাট দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পাটচাষীরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাট অধিদপ্তরের পক্ষ থেকে পরিবেশবান্ধব ব্যাগ ও পাটচাষ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার মোঃ রুহুল আমীন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হামিদুল হক, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অলক রায়, পাটচাষী খলিলুর রহমান বয়াতী ও ইসমাইল সরদার প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের উৎপাদিত পাট ‘সোনালি আঁশ’ হিসেবে বিশ্ববাজারে ব্যাপক সুনাম অর্জন করেছিল। বর্তমানে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ার ফলে পাট ও পাটজাত পণ্যের গুরুত্ব আবারও বৃদ্ধি পাচ্ছে। তাই পাটচাষ বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে পাট সংরক্ষণ এবং পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়াতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।