শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ভেজাল জুস ও এডিবেল জেলি উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার (৯ মার্চ) উপজেলার আরশিনগর এলাকায় ‘ফিবা ফুড এন্ড বেভারেজ’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে যথাযথ নিবন্ধন ছাড়া জুস, এডিবেল জেলি ও বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও মজুদ করা হচ্ছিল। এছাড়া খাদ্যপণ্যে ব্যবহারের অনুপযোগী ফ্লেভার ও বিভিন্ন কেমিক্যাল সংরক্ষণ করে তা ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এসব অনিয়ম মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ।
অভিযানের সার্বিক সমন্বয় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।
এ সময় ভেদরগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এইচ. এম. আক্তার ও আনসার সদস্যদের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।