ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল মোহাম্মদীয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা কম্পাউন্ডে বেকার নারীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষে আলহাজ্ব আসমা রহমান সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার। পাপরাইল মোহাম্মদীয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক হুংকার সম্পাদক ও সাকিব এভিয়েশনের স্বত্বাধিকারী আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আসমা রহমান, সাজনপুর ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নান ছৈয়াল, ২৮ নং পাপরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিন আক্তার।
প্রশিক্ষকসহ কারিগরি সহায়তা প্রদান করবেন ভেদরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
আলহাজ্ব আসমা রহমান এর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্রটি মাদ্রাসা পরিচালনা কমিটি কর্তৃক পরিচালিত হবে।
এ প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রতি ব্যাচে ৩০ জন করে অংশ গ্রহণকারী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। তবে এর জন্য অংশ গ্রহণকারীদের কোন অর্থ ব্যয় করতে হবেনা।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব হাবিবুর রহমান হাবীর বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন “একা কভু বিজয়ী হয়নি পুরুষের তরবারি, সাহস দিয়েছে শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী।” তাইতো পুরুষের সাথে সাথে নারীদেরও সমান তালে এগিয়ে নেয়ার জন্য সরকারের উদ্যোগের সাথে আমরা সহায়তা করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার চেষ্টায় এ উদ্যোগ নিয়েছি। সবার প্রচেষ্টা ও সহযোগিতায় আমরা কাঙ্খিত লক্ষে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ।
প্রধান অতিথি ভেদরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ণ ও নারীদের এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তার মধ্যে সেলাই প্রশিক্ষণ অন্যতম। আর সরকারের এ উদ্যোগের সাথে সংহতি প্রকাশ করেছে আসমা রহমান সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। এর জন্য আমি ব্যক্তিগত ভাবে উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। সেই সাথে সম্ভব সকল সরকারি সহায়তা আমি এখানে দেয়ার চেষ্টা করবো। কারণ বেসরকারি ভাবে আমার উপজেলায় এটি প্রথম প্রতিষ্ঠান।