“আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে” এ প্রতিপাদ্যে শরীয়তপুরে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সিভিল সোসাইটি সংগঠন, যুব, শিশু ও কিশোর নেটওয়ার্ক এর ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) শরীয়তপুর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি জজ মোঃ খালেদ মিয়া, এনডিসি আব্দুর রহিম, জেলা রেজিস্ট্রার অমৃত লাল মজুমদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল, জেলা ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার এর জেলা সমন্বয়ক মোঃ শাহজালাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের শরীয়তপুর জেলা সমন্বয়ক কবির উদ্দিন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে শরীয়তপুর জেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সিওয়াইসিডিপি এর আওতায় বাস্তবায়নাধীন কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প ও ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালা ।
শরীয়তপুর জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাল্যবিবাহ নিরোধকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) বাস্তবায়নে সিভিল সোসাইটি সংগঠন, যুব, শিশু ও কিশোর নেটওয়ার্ক এর ভূমিকায় জেলা কর্মপরিকল্পনা প্রস্তুতের লক্ষ্যে সংগঠিত হয়েছিল শরীয়তপুর জেলার ৪০টি সংগঠনের প্রতিনিধিবৃন্দ।