পানি সম্পদ উপমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আনসার ও ভিডিপিকে, স্মার্ট বাহিনীতে পরিনত করতে হবে। আর স্মার্ট বাহিনী হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রতিষ্ঠিত করতে হলে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারো নৌকায় ভোট দিয়ে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর হাতেই বাংলাদেশ আনসার ও ভিডিপির উন্নয়ন সম্ভব।
উপমন্ত্রী বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শরীয়তপুর জেলা আনসার একাডেমী মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমাড্যান্ট মইনুল ইসলাম।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ভিডিপি প্রশিক্ষক) মোহাম্মদ আমিন উদ্দিন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মজুমদার প্রমূখ। পরে অতিথিগণ একাডেমী মাঠে বৃক্ষরোপন ও ইউনিয়ন পর্যায়ে ভালো কাজ করায় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।