Friday, 6th November, 2026

মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়: ইকবাল হোসেন অপু এমপি

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি শরীয়তপুর জেলার হিন্দু সম্প্রদায়ের সকলকে দেশ ও জনগণের কল্যাণে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বুধবার (১০ জানুয়ারি) রাতে শরীয়তপুর জেলা সদরের ধানুকা মনসা বাড়ি মন্দির কমিটি কতৃক আয়োজিত শ্রী শ্রী তারক ব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান।
ইকবাল হোসেন অপু বলেন, পৃথিবীর সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। প্রতিটি ধর্মেই অনেক ভালো বিষয় আছে। মানুষ সব সময় যা উৎকৃষ্ট তা গ্রহণ এবং যা নিকৃষ্ট তা বর্জন করে। ‘মানুষের কল্যাণের জন্যই ধর্ম, অকল্যাণের জন্য নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়।’ শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভাল থাকার চিন্তা না করে সকলকে নিয়ে ভালো থাকার চিন্তা করারও তাগিদ দেন তিনি।
তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদেরকে শ্রীকৃষ্ণ এর শিক্ষাকে নিজের জীবনে প্রতিফলিত করতে এবং অন্যদেরকেও উৎসাহিত করার আহ্বান জানান। ‘বাংলাদেশের সকল ধর্মের মানুষের সৌহাদ্য ও সম্প্রীতি হাজার বছরের ঐতিহ্য।’ তিনি বলেন হিন্দুরাও বাংলাদেশের নাগরিক তাদের অধিকারও সমান।
ইকবাল হোসেন অপু সবাইকে সৎ ও সুন্দর জীবন-যাপনে উদ্বুদ্ধ হওয়া, ভালো কাজে অন্যকে অনুপ্রাণিত করা এবং নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিও গুরুত্বারোপ করেন।
ধানুকা মনসা বাড়ি মন্দির কমিটির সভাপতি সমীর কিশোর দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুন কুমার সাহা সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিপি মির্জা হজরত আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ঘটক চৌধুরী, জেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শংকর প্রসাদ চৌধূরীসহ রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান স্থলে পৌছলে হিদু ধর্মীয় নেতৃবৃন্দ ইকবাল হোসেন অপুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।