চার্চ অব বাংলাদেশের অধিনস্ত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-০৩৩৬ এর আয়োজনে চলো স্কুলে যাই ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ১০টায় মোংলার চার্চ অব বাংলাদেশ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প- ০৩৩৬ এর প্রকল্প ব্যবস্থাপক জেমস প্রবীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মোংলা সরকারি কলেজের প্রভাষক ড. অসিত কুমার বসু, চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. খলিলুর রহমান, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মারিনো দীপ্তি মন্ডল।
চলো স্কুলে যাই ক্যাম্পেইনের সমন্বয় সভায় বক্তারা বলেন, শিশুদের স্কুলমুখী করতে ও প্রয়োজনীয় শিক্ষা সহায়তা দিতে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ মোংলা এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। শিশু উন্নয়ন প্রকল্পের সহযোগিতা নিয়ে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছে। তারা শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হয়েছে। প্রকল্পের সুবিধাভোগী শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম গতিশীল করতে তাদের অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন কম্প্যাশনে কর্মরত শিক্ষিকাগণ। এখানে দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিশুদের বেশি অগ্রাধিকার থাকে। এখন থেকে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় চলো স্কুলে যাই ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে অভিভাবকদের নিয়ে আলোচনা ও বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগসহ নানা কর্মসূচি পালিত হবে।
অনুষ্ঠানে মোংলা ও পার্শ্ববর্তী এলাকার শিশুদের জীবনমান উন্নয়নে সহায়তা করার জন্য মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-০৩৩৬ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। চলো স্কুলে যাই ক্যাম্পেইনের সমন্বয় সভায় উপস্থাপনা করেন এলেক্স রানা মিত্র।