Saturday, 31st October, 2026

শরীয়তপুরে জয়নুল হক সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

দেশের শীর্ষ স্থানীয় শিল্পপতি, খ্যাতিমান ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন সিকদার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী নানান আয়োজনে পালিত হয়েছে। ২০২১ সালের এই দিন ৯১ বছর বয়সে মারা যান তিনি। তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও সিকদার গ্রুপের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
এ উপলক্ষে তার জন্মস্থান শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মধুপুরে মনোয়ার সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, দোয়া, মিলাদ ও তাবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শরীয়তপুর আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য পারভীন হক সিকদার, বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল মান্নান, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব সিকদার, সমাজ সেবক সজল সিকদার, ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক প্রধান ইস্কান্দার আলী ফকির, সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত। এ আয়োজনে প্রায় ১০ হাজার গরীব অসহায় মানুষ অংশ গ্রহণ করে।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স, সিকদার মেডিকেল কলেজ, জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গার্মেন্ট, রিয়েল এস্টেট, এভিয়েশনসহ বিভিন্ন সেক্টরে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন এই শিল্পোদ্যোক্তা। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের পাঁচ ছেলে ও তিন মেয়ে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বর্তমানে বাংলাদেশ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউএই, পোল্যান্ড, ফ্রান্স ও আমেরিকায় সিকদার গ্রুপের ব্যবসা রয়েছে।
ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়াও একজন দানশীল মানুষ হিসেবে জয়নুল হক সিকদার বিশেষভাবে সুপরিচিত। স্কুল, কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠা ছাড়াও ব্যক্তিগত আগ্রহে তিনি দারিদ্র্র্য দূরীকরণ এবং সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের কল্যাণে সহায়তা করেছেন। জয়নুল হক সিকদার সেই ১৯৪৫ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর হিসেবে তাঁর পাশে থেকেছেন।