Saturday, 31st October, 2026

এসডিএসের আশ্বাস প্রকল্পের অবহিতকরণ সভা

মানব পাচার হতে উদ্ধার হওয়া নারী এবং পুরুষদের আশ্বাস প্রকল্পের মাধ্যমে স্বাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনতে প্রকল্প গ্রহণ করেছে এসডিএস। ২৮ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইনসেপশন সভার মাধ্যমে নতুন প্রকল্পের তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকল্পের আর্থিক সহায়তা করছেন সুইজারল্যান্ড।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমূখ।
প্রকল্পের সংক্ষিপ্ত শিরোনাম উপস্থাপন করে ওমর ফারুক বলেন, ২০১৮ সাল থেকে আশ্বাস প্রকল্পের কার্যক্রম বাংলাদেশে শুরু হয়েছে। প্রথম পর্যায়ের কার্যক্রম শেষ হয়েছে ২০২৩ সালের জুন মাসে। দ্বিতীয় মেয়াদে শরীয়তপুর ও ফরিদপুর জেলায় আশ্বাস প্রকল্প বাস্তবায়ন করবে এসডিএস। মানব পাচারকারীদের হাত থেকে যারা ফিরে এসে সমাজের বোঝা হয়ে রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ট্রেডে দক্ষ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন বলেন, এসডিএস পাচার হয়ে যাওয়া নারী পুরুষদের কর্মসংস্থানের জন্য যে প্রকল্প গ্রহণ করেছে তার একটি ডাটাবেজ জেলা প্রশাসনের কাছে থাকা জরুরী। তাহলে ডাটাবেজ অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্পের বিষয়ে তদারকি করা সহজ হবে।
অবহিতকরণ সভার সভাপতি ও এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম তার বক্তব্যে বলেন, শরীয়তপুর মানব পাচারকারীদের একটি অভয় আশ্রম। এই জেলা থেকে সহজে যুবক ও যুবতীরা পাচায় হয়। পাচারকারীদের হাত থেকে যে কোন উপায়ে কেউ ফিরে এসে সমাজের বোঝা হয়ে থাকলে তাদের কাউন্সিলিং করা হয়। তাদের মানসিক ও শারীরিক চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয়। পরবর্তীতে তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল করা হবে। এভাবে একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হবে।