Friday, 6th November, 2026

গরমে অসুস্থ হয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যু

শরীয়তপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মিছিলে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে ইউনিয়ন শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে।
মৃত মন্টু খান সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও এলাকার কুটি মিয়া খানের ছেলে। তিনি ঐ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দলীয় মিছিল শেষে সন্ধ্যা ৬টার দিকে মন্টু খান অসুস্থবোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শেহেরিয়ার ইয়াসিন বলেন, যারা তাকে হাসপাতালে এনেছিলেন, তাদের কাছে জানতে পেরেছি তিনি নাকি মিছিলে গিয়েছিলেন। পরে অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন।
মন্টু খানকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার দেহে রক্তের কোনো পালস পাওয়া যাচ্ছিল না। এমনকি তার হৃদযন্ত্রও কাজ করছিল না। মূলত তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আমরা তার ইসিজি করি। প্রাথমিক ভাবে ধারণা করছি, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, ‘আওয়ামী লীগের সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা প্রতিবছরই বিভিন্ন কর্মসূচি পালন করি। এ বছরও শোভাযাত্রা ও আলোচনা সভা করেছি। ওই শোভাযাত্রায় যোগ দিয়ে শ্রমিক লীগ নেতা মন্টু খানের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক।