Saturday, 7th November, 2026

শরীয়তপুর সদরে উজ্জল ও জাজিরায় ইদ্রিস ফরাজীর বিজয়

দ্বিতীয় ধাপে শরীয়তপুর সদর উপজেলা ও জাজিরা উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে। রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বেসরকারি ফলাফলে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ঘোড়া প্রতিকের প্রার্থী কামরুজ্জামান উজ্জ্বল আকন্দ ৪১ হাজার ৫৪০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. নুরুল আমিন কোতোয়াল মোটরসাইকেল প্রতিকে ১৭ হাজার ২৬৭ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিকের প্রার্থী শাখাওয়াত হোসেন হাওলাদার নির্বাচিত হয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকের প্রার্থী সামিনা ইয়াছমিন নির্বাচিত হয়েছেন।
জাজিরা উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতিকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস এম আমিনুল ইসলাম রতন ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩৩ হাজার ১৫৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতিকের প্রার্থী মহব্বত খান নির্বাচিত হয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকের প্রার্থী রেখা আক্তার নির্বাচিত হয়েছেন। ভোটগণনা শেষে এমন তথ্য জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস।
শরীয়তপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭১৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তিন জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিতদ্বন্দ্বিতা করেন। ৭০টি কেন্দ্র ও ৫০১টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। অপর দিকে জাজিরা উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৭৮ হাজার ১৮০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬৫টি কেন্দ্রে ৪৬২টি বুথে ভোট গ্রহণ হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।