Saturday, 31st October, 2026

আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা পেলেন তপন কুমার চক্রবর্তী

আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা পেলেন শরীয়তপুর আদালতের অ্যাডভোকেট বাবু তপন কুমার চক্রবর্তী। সোমবার (৩ জুন) শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির আলহাজ্ব সুলতানার মিয়া সভাকক্ষে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী চিকন্দি আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য। অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তীর জন্ম ঐতিহ্যবাহী চিকন্দী ইউনিয়নে। তার পিতা অ্যাডভোকেট হর্ষনাথ চক্রবর্তী একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। তার পিতামহ তৎকালীন জমিদার পরিবারের সন্তান অ্যাডভোকেট শ্যামাচরণ চক্রবর্তী চিকন্দী আইনজীবী সমিতির প্রতিষ্ঠাকালীন আইনজীবী সদস্য হিসেবে দীর্ঘদিন সুনামের সহিত আইন পেশা পরিচালনা করেন। ১৮৭২ সালে তৎকালীন ব্রিটিশ সরকার চিকন্দী ইউনিয়নে চিকন্দী চৌকি আদালত নামে একটি দেওয়ানী আদালত প্রতিষ্ঠা করেন। এক সময় চিকন্দী আইনজীবী সমিতিতে প্রায় শতাধিক আইনজীবী আইন পেশা পরিচালনা করতেন।
অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আইন পেশা একটি মহৎ পেশা। এই পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায়। আমি চেষ্টা করেছি মানুষের সেবা করে যাওয়ার। নতুন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকল আইনজীবীদের উচিত আইনের চর্চা করা এবং পেশাদারীদের সাথে আইন পেশা পরিচালনা করা।
এসময়ে অনুষ্ঠানে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির আইন পেশায় ২০ বছর অতিক্রম করেছেন আইনজীবীদেরও সম্মাননা প্রদান করা হয়। এবং মরহুম আইনজীবীদের পরিবারকে চেক বিতরণ করা হয়। এছাড়া ২০২৪ সালে সনদপ্রাপ্ত নতুন আইনজীবীদের বরণ করে নেওয়া হয়। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম এর পরিচালনায় ও সভাপতি এডভোকেট হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপি হজরত আলী মির্জাসহ অন্যান্য অতিথিবৃন্দ।