শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার সংবাদে উজ্জীবিত শরীয়তপুর জেলা বিএনপি। নির্ভিক ছাত্র সমাজ ও আপাময় জনতার সাথে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বিজয় উল্লাস করেছে। পরবর্তীতে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে গণভোজের আয়োজন করেন দলের নেতা-কর্মীরা।
সেখানে নির্ভিক ছাত্রসমাজের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল খান বলেন, এই স্বাধীনকামী ছাত্র সমাজ আজ দেশে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। তাদের অবদানের কথা অকপটে স্বীকার করছি। আর যারা শহীদ হয়েছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
তিনি আরো বলেন, বিগত ১৬ বছর ফেসিবাদী শেখ হাসিনার সরকারের নির্যাতনের স্বীকার হয়েছে সাধারণ মানুষ। মামলা মোকদ্দামা ও নির্যাতনে স্বীকার হয়ে গৃহহারা হয়েছে অনেকে। আজ তার প্রতিদান মিলেছে। বিএনপি একটি শান্তিকামী সংগঠন। তাদের দ্বারা কোন অরাজকতা হবে না। তাছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা রয়েছে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য। তাই আমরা শান্তিপূর্ণ অবস্থানে রয়েছি। বিএনপি জনগণের দল তাই জনগণের সাথে থেকেই উন্নয়নে অংশগ্রহণ করব। এসময় মিয়া নুর উদ্দীন অপু সহ সকল রাজবন্দিদের নি:শ্বর্ত মুক্তি কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট হেলাল উদ্দীন আকন্দ, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, শৌলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকন্দ, জেলা স্বেচ্ছাসেক দলের সহ-সভাপতি কেএম রফিকুল ইসলাম পিন্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেক দলের সাবেক সভাপতি শামীম খান প্রমূখ।