Saturday, 7th November, 2026

আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা দখলে অভিযোগ

ভেদরগঞ্জ উপজেলার চরচান্দা খাস মহল বাজারে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ তকি হাওলাদার ও স্থানীয় আওয়ামীলীগ নেতা রাসেল সরদার এর বিরুদ্ধে।
সরকারি নথি ও বিআরএস খতিয়ানে ৮১৭৬ নং দাগটি সরকারি রাস্তা নথিভুক্ত। সেই রাস্তার উপরে তকি হাওলাদার ও রাসেল সরদার বিগত ক্ষমতাশীন আওয়ামীলীগের প্রভাব কাজে লাগিয়ে রাস্তার উভয় পাশে দুটি দোকান ঘর নির্মাণ করে। একটির নাম সরদার ফার্মেসী।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মনির হোসেন জনস্বার্থে শরীয়তপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি বলেন, আমাদের দেশে দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী সরকার ছিল। তাঁরা দখলদারিত্বের মহোৎসব চালিয়ে সমাজকে করেছে নীতিহীন। এই দুই দখলদারের হাত হতে সরকারি সম্পদ রক্ষার্থে জনস্বার্থে অভিযোগটি করেছি। এখন সরকারে বিভিন্ন সংস্থা আছে তারা তদন্ত করে সরকারের সম্পদ উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি এবং এলাকাবাসী প্রত্যাশা করছি। সরকারি রাস্তাটির উপর স্থাপিত স্থাপনা গুলো উচ্ছেদ করা হলে বাজারের আয়তন বৃদ্ধি পাবে। পাশাপাশি বাজারের পূর্ব পাশের গলিতে বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে সে গুলোও সরানোর জন্য বাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবী রয়েছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই সহকারি কমিশনারকে (ভূমি) তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শ দেয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে কাওছার আহমেদ তকি হাওলাদাররে সাথে ফোনে চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।