‘হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’। এ প্রতিপাদ্যের মাঝ দিয়ে শরীয়তপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধি ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) শরীয়তপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও দৃষ্টি প্রতিবন্ধিদের অধিকার নিয়ে কাজ করা জেলার বিভিন্ন সংস্থা এবং সংগঠন গুলো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাদিয়া জেরিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাসুদ মামুন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোহাম্মদ জাহিদ হোসেন। বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার, অন্ধকল্যান সংস্থার পক্ষে আবু আলেম, শিক্ষার্থী মোঃ ফারুক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দৃষ্টিপ্রতিবন্ধি ব্যক্তিদের সাফল্য তুলে ধরা এবং দৃষ্টিশক্তিহীন জীবনকে আরও বৃহত্তর উন্নয়নে সক্রিয় করতে কীভাবে সাদাছড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা সাধারণ জনগণকে মনে করিয়ে দেয়ার জন্য প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরপত্তা দিবস পালিত হয়।