মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে জাজিরার মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির উদ্যোগে মঙ্গলবার বিকেলে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইলিশ আহরণ বন্ধ এবং পদ্মা নদীতে বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের উপর জোর দেওয়া হয়।
সভায় মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।
এছাড়া নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমতিয়াজ আহাম্মদ, জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ, পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আকরাম হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ২২ দিনব্যাপী মা ইলিশ আহরণ সম্পূর্ণ বন্ধ রাখার গুরুত্ব তুলে ধরেন এবং পদ্মা নদীতে চাঁদাবাজি ও অবৈধ ড্রেজিং প্রতিরোধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় জেলেদের সচেতন করতে এবং ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।