Saturday, 7th November, 2026

ভেদরগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকরণ বিতরণ

ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের মাঠ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তাবীন হাসান শুভ, উপসহকারী কৃষি অফিসার মামুনুর রশিদ হাসিব।
উপকরণের মধ্য ছিলো বীজ সার, কীটনাশক, মালচিং ফ্লিমসহ অন্যান উপকরণ। এ পর্যায়ে উপজেলার ১৫৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেন, দেশের চর এলাকায় কৃষি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ২০৯ কোটি ২১ লাখ টাকা। বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটি দেশের ৭ বিভাগের ৩৫ জেলার ১২১টি উপজেলায় বাস্তবায়ন হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে আধুনিক কৃষিতে চর অঞ্চলের কৃষকদের দক্ষতা বাড়াবে।
প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, চর এলাকার উপযোগী আখ, পাট, কালোজিরা, ভুট্টা, মিষ্টি আলু, সূর্যমুখী, মরিচ, মটরশুঁটি, মুগ, সরিষা, মসুর, সয়াবিন, তরমুজ, মাল্টা, পেয়ারা ও আম চাষের ফলন বাড়ানো।
উন্নত কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ ও পতিত জমি ব্যবহারের মাধ্যমে চর অঞ্চলের শস্যের নিবিড়তা ১৪০ থেকে ১৪৫ শতাংশে উন্নিতকরণ। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন ৫ শতাংশ বাড়ানো এবং উপকারভোগীদের পুষ্টিমানের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখা।