কেউ আইনের ঊর্ধ্বে নয়। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে, যারা পলাতক আছে তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের বাঘগুজারার বাসিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্য ও চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছড়ারখুল গ্রামের মোঃ আহসান হাবিব এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি আরো বলেন, সরকার জুলাই বিপ্লব নামে একটি ফাউন্ডেশন করেছে, সেখান থেকে শহীদ এবং আহতদের সহায়তা করা হচ্ছে। ইতোমধ্যে শহীদ পরিবারকে ৩০ লক্ষ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় আসসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ফ্যাসিবাদী দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে কাজ করে যাচ্ছে।
গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই সরকার যাওয়ার পরও ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সব সময় খোঁজ খবর রাখা হবে।
পরে শহীদ ওয়াসিম আকরাম ও আহসান হাবিবেরর কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ উপজেলা নির্বাহী অফিসার ও ওসি উপস্থিত ছিলেন।