দেশের অর্থনৈতিক মাফিয়া এস আলমের ইসলামী ব্যাংকে অবৈধ দখল ও অনিয়মের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী ব্যাংকের জেলা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৪২ বছর ধরে ইসলামী ব্যাংক দেশের অন্যতম সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। কিন্তু ২০১৭ সালে আওয়ামীলীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ অবৈধভাবে ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এরপর বাংলাদেশ ব্যাংকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে প্রায় ১২ হাজার অদক্ষ ও মেধাহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়।
বক্তারা অভিযোগ করেন, এসব অদক্ষ নিয়োগের ফলে মেধাবী প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন, ব্যাংকের কার্যক্রমে অদক্ষতা ও অনিয়ম বাড়ছে এবং গ্রাহকরাও কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবুও ওইসব নিয়োগ প্রাপ্তদের চাকুরীতে বহাল রাখতে নতুন করে পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু তারা ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এর বিরুদ্ধে মিছিল মিটিং করছে।
মানববন্ধনে ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক নিয়োগ প্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাঁটাই, একচ্ছত্র নিয়োগ প্রক্রিয়া বাতিল ও মেধাভিত্তিক নিয়োগ চালুর দাবি জানানো হয়। পাশাপাশি বক্তারা এস আলম গ্রুপকে দ্রুত আইনের আওতায় এনে ইসলামী ব্যাংক থেকে লোপাট করা হাজার কোটি টাকা উদ্ধারের দাবি জানান।
মানববন্ধনে আসা ব্যাংক গ্রাহক ফোরামের এক সদস্য বলেন, এস আলম গ্রুপ আওয়ামী সন্ত্রাসীদের নেতৃত্বে ইসলামী ব্যাংক দখল করে অবৈধভাবে নামে বেনামে প্রতিষ্ঠান দেখিয়ে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে আত্মসাৎ করেছে। শুধু তাই নয় বাংলাদেশ ব্যাংকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে শুধু তার এলাকারই প্রায় ১২ হাজার লোককে চাকুরী দিয়েছে যাদের অধিকাংশই অযোগ্য। আমাদের দাবি অনতিবিলম্বে এদের চাকুরী থেকে অব্যাহত দিতে হবে এবং এস আলম গ্রুপ কে আইনের আওতায় এনে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনতে হবে।
চাকুরী প্রত্যাশী যুবক মোঃ রায়হান বলেন, এস আলম গ্রুপ যখন ইসলামী ব্যাংক দখল করে রেখেছিলো তখন নিয়োগ প্রক্রিয়া এরকম ছিল যে শুধু পটিয়ার বাসিন্দা হলেই চাকুরী হয়ে যেত, লাগতো না কোন শিক্ষাগত যোগ্যতা। এতে আমাদের মত যারা চাকুরী প্রত্যাশী রয়েছে তারা সকলেই বৈষম্যের শিকার হয়েছি। তাই আমরা চাই ইসলামী ব্যাংক সহ সকল ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে লোক নিয়োগ দেয়া হোক।