পদ্মা সেতু হয়ে রাজধানীর সাথে সড়ক পথে শরীয়তপুরবাসীর সহজ যোগাযোগ। জমি অধিগ্রহণ জটিলতায় সেই যোগাযোগ সড়ক নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। জমির শ্রেণিতে সিকস্তি ও পয়স্তি জটিলতায় অধিগ্রহনকৃত জমি, গাছপালা ও স্থাপনার ক্ষতিপূরণ পাচ্ছে না ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরন না পাওয়ায় জমির দখল ছাড়ছে না তারা। তাই আটকে আছে সড়ক নির্মাণ কাজ।
জেলা প্রশাসকের ব্যাংক হিসাব থেকে ক্ষতিপূরণের টাকাও ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া সম্ভব হচ্ছে না। ২০২০-২০২১ অর্থ বছরের ১২ নম্বর এলএ কেসের এমন জটিলতা সমাধানে ক্ষতিগ্রস্ত পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রোববার দুপুরে সভা করেছে জেলা প্রশাসক তাহসিনা বেগম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ আলম, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়সহ জেলায় কর্মরত সাংবাদিক, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ক্রয়কৃত ও পৈত্রিক সম্পত্তি আরএস ও সিএস রেকর্ডে মালিক ক্ষতিগ্রস্ত পরিবার। সেই জমির আংশিক সিকস্তি ও পয়স্তি শ্রেণিতে ফেলে সরকার বিভিন্ন ধরণের জটিলতা সৃষ্টি করেছে। তারা দ্রুত সমাধান ও ক্ষতিপূরণ দাবী করেছন।
উত্তরে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেছেন, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা ব্যাংকে জমা রয়েছে। আইনী জটিলতা সমাধান করে প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন তিনি।