নদী ভাঙনে বিলীন শরীয়তপুরের ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী ভবন ও জমি নেই। কোথায়ও বিদ্যালয় চলছে জমি ভাড়া নিয়ে, কোথায়ও বিদ্যালয় চলছে বসত ঘরে। জমি ও ঘর না পেয়ে বিদ্যালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ওই সকল বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। কমে যাচ্ছে বিদ্যালয় গুলোর শিক্ষার্থী সংখ্যা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর জেলায় ৭০০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ঐ বিদ্যালয় গুলোতে ৯৬ হাজার ৮৭৭ শিক্ষার্থী পড়ালেখা করছে। শরীয়তপুর জেলার ওপর দিয়ে পদ্মা ও মেঘনা নদী প্রবাহিত হয়েছে। নদীর তীরবর্তীতে জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন গ্রাম রয়েছে। দীর্ঘ দিন যাবৎ শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন হচ্ছে।
গত ১০ বছরে পদ্মার ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে জেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ভবন ও জমি বিলীন হওয়ার পর আর ঐ সকল বিদ্যালয় গুলোর ভবন ও মাঠ নির্মাণের জন্য জমি পাওয়া যায়নি। কিছু বিদ্যালয় আগের স্থান হতে ৪-৫ কিলোমিটার দুরে ফসলি জমি ভাড়া নিয়ে অস্থায়ী ভাবে টিনের ঘর নির্মাণ করে পাঠদান কার্যক্রম চালু রেখেছে। একটি বিদ্যালয় জমি ও ঘর না পেয়ে এক ব্যক্তির বসত ঘরে পাঠদান কার্যক্রম চালাচ্ছে। জমি না পেয়ে আরেকটি বিদ্যালয়ের কার্যক্রম এখনো চালু করতে পারেনি। এমন পরিস্থিতিতে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাচ্ছে। আর বিদ্যালয় গুলোর জমি ব্যবস্থা করে ভবন নির্মাণের কোন উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন।
জাজিরার কুন্ডেরচর ইউনিয়নের কলমিরচর এলাকায় ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করা হয় কলমিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০১৬ সালে পাকা ভবন ও মাঠসহ বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এরপর ঐ স্থান হতে ৪ কিলোমিটার দুরে পাশের বিলাশপুর ইউনিয়নের পাচু খাঁরকান্দি গ্রামে একটি ফসলি জমি ভাড়া নিয়ে টিনের ঘর নির্মাণ করে তাতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। যখন বিদ্যালয়টি ভাঙনের মুখে পরে তখন সেখানে ২৫০ জন শিক্ষার্থী পড়ালেখা করত। বর্তমানে ৬৮ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ডিএম সেকান্দার আলী বলেন, ব্যবস্থাপনা কমিটির সহায়তায় আমরা একটি জমি ভাড়া নিয়ে দুটি টিনের ঘরে পাঠদান কার্যক্রম চালু রেখেছি। শিক্ষার্থীও তেমন পাইনা। আমরা শিক্ষক আছি ৬ জন, কিন্তু শিক্ষার্থী ভর্তি ৬৮ জন। তাও নিয়মিত আসে না। জানিনা কবে বিদ্যালয়ের নিজস্ব জমি ও ভবন হবে।
ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ১৫১ নম্বর উত্তর মাথাভাঙা মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত ১৪ সেপ্টেম্বর ৩০ শতাংশ জমি ও একতলা পাকা ভবন সহ পদ্মায় বিলীন হয়ে যায়। এরপর আর ওই বিদ্যালয়টির কার্যক্রম চালু করতে পারেনি প্রশাসন। ঐ বিদ্যালয়ের ৩ জন শিক্ষককে পাশের একটি বিদ্যালয়ে সংযুক্ত করে দেয়া হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ছোবহান মুন্সি বলেন, বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যাওয়ার পর হতে আমরা সেটা চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে জমি পাচ্ছি তা খানিকটা দুরবর্তী হওয়ায় সেখানেও বিদ্যালয় নির্মাণ করতে পারছিনা। তবে কাছাকাছি জমি পাওয়ার চেষ্টা করছি। যতদ্রত সময়ে সম্ভব ঐ বিদ্যালয়ের কার্যক্রম চালু করা হবে।
জাজিরার পাইনপাড়া এলাকায় ২০১৬ সালে প্রতিষ্ঠা করা হয় রিজিয়া আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় । চলতি বছর ২৮ আগষ্ট জমি ও পাকা ভবনসহ পদ্মায় বিলীন হয়ে গেছে বিদ্যালয়টি। এরপর কয়েকদিন পাঠদান কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তীতে পদ্মা নদীর দক্ষিন তীরে মাঝিকান্দি এলাকায় এক ব্যক্তির বসত ঘরে বিদ্যালয়টির কার্যক্রম চালু করা হয়েছে।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমরান আহম্মেদ বলেন, পাইনপাড়া চরের তিনটি গ্রাম বিলীন হয়েছে। সেই সাথে বিদ্যালয়টিও পদ্মায় হারিয়ে গেছে। একটি বসত বাড়িতে এর কার্যক্রম চালানো হচ্ছে। আমরা দুশ্চিন্তার মধ্যে পরে গেলাম। কখন জমি পাব আর বিদ্যালয় তার নিজস্ব ভবন পাবে। পাঠদানের ভবনের পাশাপাশি শিক্ষার্থীরা খেলার জন্য মাঠ পাবে।
ভেদরগঞ্জের উত্তর মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করত ছামিয়া। নদী ভাঙনে বিদ্যালয় বিলীন হলে তার পরিবার তাকে পাশের মুন্সিগঞ্জ জেলার একটি আবাসিক মাদ্রাসায় ভর্তি করেন। ছামিয়া জানায়, শিশু শ্রেণী হতে উত্তর মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছে। ৫ বছরের বেশি সময়ের স্মৃতি বিদ্যালয়ের সাথে। বিদ্যালয়টি ও সহপাঠিদের ভূলে থাকতে তার কষ্ঠ হয়। বন্ধুদের সাথে বিদ্যালয়ের মাঠের মত খেলাধুলা করতে না পারায় তার সবসময় মন খারাপ থাকে।
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তসলিম হোসেন বলেন, শরীয়তপুরের যে সকল বিদ্যালয় নদী ভাঙনের শিকার হয়েছিল তার কার্যক্রম বন্ধ নেই। তবে অনেক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই। বিদ্যালয় গুলোর জমি পাওয়ার জন্য আমরা স্থানীয় পর্যায়ে চেষ্টা চালাচ্ছি।