মাদারীপুরে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলালায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন সরদার (৩১) শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি এসডিএস এর রাজৈর শাখার সহকারি ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার জানায়, সুমন সকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে রাজৈরের উদ্দেশে রওনা হন। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় ঘন কুয়াশার কারণে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তার মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সুমন আড়াই বছরের একমাত্র পুত্র সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই কঠিন সময়ে সুমনের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকার ও এসডিএসের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, দুর্ঘটনায় ঘাতক বাসটি এখনও উদ্ধার বা শনাক্ত করা যায়নি। নিহতের লাশ রাজৈর হাসপাতালে রাখা আছে। পরিবারের সদস্যরা আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।