শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: মান্নান খান ভাষানীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দুর্বৃৃত্তরা হামলা চালিয়ে ভাষানীসহ তার সমর্থকদের ৯টি বাড়ি ভাংচুর ও তিনটি বসত ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। সদর উপজেলার চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভাষানী শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি গত ১৭ জানুয়ারী বিএনপিতে যোগদান করেন। বিএনপিতে যোগদানের ৭ দিনের মাথায় তার ও তার সমর্থদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আ: মান্নান খান ভাষানী ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের অনুসারি হিসেবে এলাকার রাজনীতিতে পরিচিত ছিলেন ভাষানী। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর কিছু দিন আত্মগোপনে ছিলেন। এরপর স্থানীয় বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করে এলাকায় ফিরে আসেন। গত ১৭ জানুয়ারী শরীয়তপুর-১ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলামের একটি সভায় উপস্থিত হয়ে ভাষানী তার অন্তত ৫ শতাধীক সমর্থক নিয়ে বিএনপিতে যোগদান করেন।
শুক্রবার রাতে দুর্বৃত্তরা প্রথমে ভাষানীর বাড়িতে হামলা চালান। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছরিয়ে বসত ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এরপর দুর্বৃত্তরা জরো হয়ে ভাষানীর সমর্থকদের আরো ৮টি বাড়িতে ভাংচুর ও লুটপাট ও ৩টি বাড়ির বসত ঘরে অগ্নিসংযোগ করে।
ঘটনার সময় ইউপি চেয়ারম্যান ভাষানী বাড়িতে ছিলেন না। তার স্বজনেরা জানান, বৃহস্পতিবার তিনি ও তার স্ত্রী সন্তানদের কাছে সংযুক্ত আরব আমীরাতে গেছেন।
ভাষানীর শাশুড়ি রাশিদা বেগম বলেন, মেয়ের জামাতা ও মেয়ে তাদের ছেলের কাছে সংযুক্ত আরব আমীরাতে গেছেন। আমি বাড়িতে ছিলাম। ককটেল বোমার শব্দে ঘুম ভেঙে যায়। এরপর ১৫-২০ জন মানুষ দরজা ভেঙে ঘরে ঢুকে ভাংচুর চালায়। তার টাকা-স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। কেন কারা এ হামলা চালিয়েছে তা এখন বুঝতে পারছি না।
ভাষানীর সমর্থক ইদ্রিস খানের বাড়ির বসত ঘর ও ঘরের জিনিষপত্র পুড়িয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, চেয়ারম্যানের সাথে আমরা বিএনপিতে যোগদান করেছিলাম। এ কারণে দুর্বৃৃত্তরা আমাদের ওপর ক্ষুদ্ধ হয় এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার খবর শুনে শনিবার সকালে সেখানে যান বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দু;খজনক ও কষ্ট দায়ক। এভাবে সাধারণ মানুষের ওপর আক্রমন, ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনাটি নির্বাচনের পরিবেশের ওপর প্রভাব ফেলবে। আমি আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের অনুরোধ করেছি এটার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য। এ হামলাকারিরা যে দলের হোক তাদের আইনের আওতায় আনতে হবেই।
শরীয়তপুর সদরের চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রাসূল বলেন, শৌলপাড়া ইউপি চেয়ারম্যানের বাড়িসহ ৯টি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় তিনটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানাযায়নি। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।