সেবা প্রত্যাশীদের ভীড় থাকলেও সরকারি ছুটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঝুলছে ডবল তালা। ৫ মার্চ বৃহস্পতিবার সকালে এমন দৃশ্য দেখা গেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে।
স্থানীয় ও সেবা প্রত্যাসীরা জানায়, স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপুল কুমার গাইন সেখানে দায়িত্ব পালন করেন। মাঝে মধ্যেই তিনি এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বন্ধ রাখেন। তাই সেবা প্রত্যাশীরা এসেও ফিরে যায়। বৃহস্পতিবার সকাল থেকেই এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তালা ঝুলতে দেখা গেছে।
তারা আরও জানায়, যে দিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র খোলা হয় সেদিনও ২ ঘন্টার বেশি খোলা রাখে না। অথচ এই স্বাস্থ্য কেন্দ্র প্রতিদিন এবং সর্ব সময়ের জন্য খোলা রাখার কথা।
এই বিষয়ে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার বিপুল কুমার বাইন জানায়, তিনি অসুস্থ থাকায় ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন। পরবর্তীতে কর্তৃপক্ষকে অবগত করবেন।
এই বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নাঈম মো. ইফতেখার ইসলাম বলেন, এই বিষয়ে তিনি অবগত রয়েছেন। বিষয়টি তদন্তের জন্য একজন মেডিকেল অফিসারকে দায়িত্ব দিয়েছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।