শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগরের মেসার্স কে কে ব্রিকস ফিল্ড বন্ধের দাবীতে জেলা প্রশাসনে আবেদন করেছে মো. হারুন-অর-রশীদ নামে এক ব্যক্তি। তিনি ওই ইট ভাটার ৫০ শতাংশ মালিকানা দাবী করে এই দরখাস্ত দাখিল করেছেন।
আবেদনকারী হারুন-অর-রশীদ তার আবেদনে উল্লেখ করেছেন. মেসার্স কে কে ব্রিকসের সে ৫০ শতাংশ মালিকানা ছিলেন। উক্ত মালিকানা থেকে ২৫ শতাংশ মালিকানা গোসাইরহাট উপজেলার হাটুরিয়া এলাকার মো. মোস্তফা হাওলাদারের নিকট বিক্রি করেন। অবশিষ্ট ২৫ শতাংশ মালিকানা বাৎসরিক চুক্তিতে তার নিকট ভাড়ায় প্রদান করেন। সেই সাথে ইট তৈরীর সকল মেশিন ও সরঞ্জাম বিক্রিও করে দেন। সর্বসাকুল্যে যাহার মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ২০৮ টাকা। উক্ত পাওনা টাকা থেকে আবেদনকারীকে ১৯ লাখ ৬৩ হাজার ১৬২ টাকা পরিশোধ করেছেন। দীর্ঘ দিনেও অবশিষ্ট টাকা পরিশোধ না করায় দরখাস্তকারী স্থানীয় চেয়ারম্যান, ইট ভাটার মালিক সমিতির নেতৃবৃন্দ, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে দরবার শালিশী করেছেন। টাকা বুঝে না পেয়ে তিনি আদালতে একাধিক মামলাও করেছেন। আদালত থেকে নিষেধাজ্ঞা থাকলেও বিবাদী মো. মোস্তফা হাওলাদার তা মানতে নারাজ। সব কিছু উপেক্ষা করে তিনি ইট ভাটা পরিচালনা করছেন। সবশেষে আবেদনকারী মো. হারুন-অর-রশিদ জেলা প্রশাসনের মাধ্যমে ইট ভাটা বন্ধের দাবী জানিয়ে আবেদন করেছেন।
এই বিষয়ে মেসার্স কে কে ব্রিকসের মালিক মো. মোস্তফা হাওলাদার বলেন, হারুন-অর-রশিদ সম্পূর্ণ মালিকানা হস্তান্তর করে ২০১৮ সালে ভাটা বিক্রি করেছেন। তার সমুদয় পাওনা টাকা পরিশোধ করা হয়েছে। সে আমাদের কাছে কোন টাকা পাবে না। তবুও থানা পুলিশ, প্রশাসন, স্থানীয় লোকজনসহ বিভিন্ন মাধ্যমে আমাদের হয়রানী করে আসছে। অবশেষে মামলাও করেছে। আদালতও কতিপয় মামলা আমার পক্ষে খারিজ করেছে। কয়েকটি মামলা চলমান রয়েছে। সে স্ট্যাম্প জাল করে আমাদের হয়রানী করতেছে। আমি আদালতে তা প্রমান করব।