শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের পখমসার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুরে-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পখমসার এলাকায় আনুষ্ঠানিক ভাবে খনন কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালু, পুলিশ সুপার রওনক জাহান, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আরা খানম সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ও ইজিপিপি কর্মসূচির আওতায় সারাদেশের মতো শরীয়তপুরেও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন দখল ও দূষণের কারণে নাব্যতা হারিয়ে ফেলা পখমসার খালটি পুনরায় খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
১৪ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটি পখমসার এলাকা থেকে কেচুয়ারচর হয়ে মেঘনা নদীতে গিয়ে মিলিত হবে। খালটি পুনঃখনন হলে এলাকায় পানির প্রবাহ বাড়বে এবং দীর্ঘদিন পানির অভাবে অনাবাদী পড়ে থাকা জমি আবাদযোগ্য হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয়রা।
খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার জলাবদ্ধতা নিরসনসহ পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
এদিকে এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। তারা আশা করছেন, খালটি খনন শেষ হলে কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।