শরীয়তপুরে অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে ৪টি সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বাবলম্বী ফাউন্ডেশন। সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদর উপজেলা চত্বর থেকে স্বাবলম্বী ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে চারজন নারীকে এসব সেলাই মেশিন প্রদান করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাবলম্বী ফাউন্ডেশনের সভাপতি মোঃ তামিম হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রুপম, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রেজা আবির, প্রচার সম্পাদক আসিফ ভুইয়া হিমু এবং সদস্য এম. ফাহিম।
স্বাবলম্বী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সেলাই মেশিনের মাধ্যমে একজন নারী ঘরে বসেই আয় করতে পারেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে সহায়তা করতে পারেন।
সেলাই মেশিন পেয়ে রেহানা বেগম বলেন, স্বাবলম্বী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন আমি আমার সন্তানকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবো।
স্বাবলম্বী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রেজা আবির বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই অসহায় নারীরা নিজেদের কর্মের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠুক।
সাধারণ সম্পাদক সালাউদ্দিন রুপম বলেন, স্বাবলম্বী ফাউন্ডেশন সবসময় মানবিক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
সভাপতি মোঃ তামিম হোসেন বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। আমরা আশা করি এই সেলাই মেশিনগুলো তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।