মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত শরীয়তপুরের বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্যদের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের হলরুমে এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে স্বাধীনতা যুদ্ধে আনসার মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরা হয়। পরে বিশেষ মোনাজাত ও অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য, জেলা আনসারের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী শরীয়তপুর জেলার অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্যদের সম্মাননা ক্রেস্ট জাতির বীরদের হাতে তুলে দেন জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম বলেন, ‘মহান স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন, যা এসেছে সাহসী মুক্তিযোদ্ধাদের অসিম ত্যাগ, সাহস ও আত্মত্যাগের মাধ্যমে।
তাঁদের অবদান যেন কখনো বিস্মৃত না হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শহীদ সাহসী মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ আমাদের গর্ব ও অনুপ্রেরণার উৎস। রাষ্ট্র তাঁদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার-ভিডিপি’র কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষক মোঃ ফররুখ আহমেদ সহ বাহিনীর অন্যান্য সদস্যরা।