যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে শরীয়তপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সকাল ৭টায় মনোহর বাজার স্মৃতিস্তম্ভ, আটিপাড়া গণকবরস্থান ও মহিষার গণকবরস্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। পরে সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও এতিমখানায় প্রীতিভোজের আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিশুদের জন্য শরীয়তপুর পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়।
জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান ও প্রত্যয় হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।