শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্বের একটি অংশে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ছাত্রলীগের কর্মী সমর্থকেরা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্মৃতিস্তম্ভটিতে দুই-তিন জন লোক আগুন ধরিয়ে দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর তার ফেসবুক পেজে শুক্রবার রাতে ওই ভিডিওটি শেয়ার করেন। এরপরই জুলাই স্মৃতিস্তম্বে আগুন ধরিয়ে দেয়ার ঘটনাটি আলোচনায় আসে।
ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পরে রাত ৯টার দিকে শহরের শহীদ মিনারের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের কাছে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা। এরপর সেখানে আসেন জেলা পুলিশের গোয়েন্দা কর্মকর্তা ও সদরের পালং মডেল থানার পুলিশ কর্মকর্তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় যুব শক্তির নেতারা জানান, শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করে স্থানীয় প্রশাসন। ওই স্মৃতিস্তম্ভটিতে রাতের আধারে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনের তাপে স্মৃতিস্তম্ভের কিছু অংশের চারদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে এমন একটি ভিডিও শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট করেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলা কমিটির আহবায়ক মহসিন মাদবর। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুই-তিন জন লোক জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিচ্ছে। ওই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসীন মাদবর ফেসবুক পোস্টে দাবি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়েছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, একটি ব্যস্ততম ও জনবহুল এলাকার মধ্যে জুলাই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছে। সেখানে কিভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন ধরিয়ে দিল তা আমাদের ধারণায় আসছে না। নিশ্চয়ই তাদের কেউ সহায়তা করেছেন। কাদের সহযোগিতায় সন্ত্রাসী ওই সংগঠনটি এমন কাজ করার সাহস দেখিয়েছে তা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে।
এনসিপির জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা কমিটির আহবায়ক কাউসার মৃধা বলেন, জুলাই শহীদের আত্মত্যাগের বিনিময়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তাদের উচিত হবে জুলাই শহীদদের ব্যাপারে আরো যত্নশীল হওয়া। এভাবে জুলাই শহীদদের স্মৃতিতে আঘাত হানা আমরা মেনে নেব না। দ্রুততম সময়ের মধ্যে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনার দাবী জানাই। তাদের সনাক্ত করে গ্রেপ্তার করা না হলে জনগণ নিয়ে আমরাই মাঠে নামবো।
শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও পুলিশের হাতেও এসেছে। আসলে সেখানে কি ঘটেছিল তা আমরা খতিয়ে দেখছি। আশেপাশে সিসি ক্যামেরা ছিল, ওই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।