Wednesday, 21st October, 2026

ডামুড্যায় ভ্রাম্যমান আদালতে ইউপি সদস্য সহ দুই জনের দন্ড

শরীয়তপুরের ডামুড্যায় রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) গতরাত ৯ টায় ডামুড্যা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুর রহমান উত্তর সৈয়দবস্তা দীঘির পাড় এলাকায় এই অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় এ দন্ড দেওয়া হয়।
অভিযুক্তরা হলেন, কনেশ্বর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য ইব্রাহিম মাদবর ও একই এলাকার শফিক মাদবর।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, গত ১৬ জুন গভীর রাতে ও সকালে দুটি ভেকু (এস্কেভেটর) ব্যবহার করে প্রায় দেড় কিলোমিটার কার্পেটিং সড়ক দিয়ে অবৈধভাবে মাছের ঘের কাটার কাজ করা হয়। এতে সড়কটির ব্যাপক ক্ষতি হয় এবং উর্বর কৃষিজমিও নষ্ট হয়। অভিযুক্ত শফিক মাদবর উর্বর কৃষিজমি নষ্ট এবং ইউপি সদস্য ইব্রাহিম মাদবর এস্কেভেটর সরবরাহের অভিযোগ স্বীকার করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় শফিক মাদবরকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইব্রাহিমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অপর অভিযুক্ত সোহেল বেপারীকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ডামুড্যা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আমরা সরকারের সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় আইনগত ভাবে অভিযান চালাই। ঘটনাস্থলে ২ জনকে আটক করতে সক্ষম হই। পরে ভ্রাম্যমান আদালত পচিলনা করে দোষিদের সাঁজা প্রদান করি।