মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তা করার জন্য একটি স্মার্ট, অন্তভুর্ক্তিমূলক জাতীয় রেফারেল কাঠামো প্রতিষ্ঠার জন্য বহু স্টেকহোল্ডারদের জড়িত থাকা অত্যন্ত অনিবার্য।
শরীয়তপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বুধবার (২৪ জুন) “মানব পাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় বাংলাদেশ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো (এনআরএম)” বিষয়ক একটি জেলা পর্যায়ে বিশেষ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এই ওরিয়েন্টেশন সভায় সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্প সার্বিক সহায়তা প্রদান করে।
সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ-এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল আশ্বাস প্রকল্পটি বাংলাদেশে মানব পাচারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি জেলাতে বাস্তবায়িত হচ্ছে যার মাধ্যমে সমন্বিত সামাজিক ও অর্থনৈতিক পরিসেবা প্রদান করছে। জাতীয় রেফারেল মেকানিজমের (এনআরএম) কাঠামোটি একটি সহযোগিতামূলক সেবা ব্যবস্থা যা সরকার, সিভিল সোসাইটি, এনজিও এবং সেবাপ্রদানকারীদের অংশগ্রহণে গঠিত। মানবপাচারের শিকার ব্যক্তিদের পৃথকভাবে সেবা প্রাপ্তি অনেক ক্ষেত্রে কঠিন হলেও এই কাঠামোটি ভিকটিমদের জন্য একটি নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক সেবা প্রাপ্তি নিশ্চিত করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো: আমিনুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার রওনক জাহান। এছাড়াও জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা এই ওরিয়েন্টেশনে সক্রিয়ভাবে অংশ নেন।
উইনরক ইন্টারন্যাশনালের পক্ষে প্রতিনিধিত্ব করেন দীপ্তা রক্ষিত, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ ও প্রকল্প পরিচালক, আশ্বাস প্রকল্প, নাজমুল ইসলাম, সিনিয়র ম্যানেজার, মৃন্ময় মহাজন, পলিসি অ্যাডভোকেসি স্পেশালিস্ট এবং রিজিওনাল কো-অর্ডিনেটর, টি.আই.এম. মাজহারুজ্জামান। এসডিএস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা মজিবুর রহমান এবং নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। এছাড়াও এসডিএস ‘আশ্বাস’ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস.এম. জাকির হোসেন সহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই আয়োজনে মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের পূর্ণ আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং সমন্বিত সেবা ব্যবস্থাকে মাঠপর্যায়ে আরও কার্যকর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় মানব পাচারের শিকার ব্যক্তিদের জন্য একটি শক্তিশালী, সংবেদনশীল ও কার্যকর দীর্ঘমেয়াদী সহায়তা ব্যবস্থা গড়ে তোলাই ছিল এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য।