জাজিরা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষক পুনর্বাসন প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের ভিক্ষুক পুনর্বাসন ও কর্মসংস্থান ফান্ড ও জেলা সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের মাধ্যমে “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার ও ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন ও চায়ের দোকানের উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোবারাক আলী সিকদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, ডিজিটাল বাংলাদেশের পথ ধরে স্বপ্নে সোনার বাংলায় অবগাহনের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবন মান উন্নয়নের জন্য জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও কর্মসংস্থান ফান্ড চালু করেছেন। সেই ফান্ড থেকে আজ আমরা জাজিরা উপজেলায় ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন ও চায়ের দোকানের উপকরণ বিতরণ করলাম। আমাদের জেলার সকল উপজেলায়ই এ কার্যক্রম চলমান আছে।