Saturday, 24th October, 2026

জাজিরায় কারেন্ট জাল ও ইলিশসহ ৪৭ জেলে গ্রেফতার

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের জাজিরায় ৪৭ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়। গ্রেফতারকৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করাসহ জাল বিনষ্ট ও ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জনান, ৯ অক্টোবর শনিবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীর জাজিরা পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ইলিশ ধরার কাজে ব্যবহৃত ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২৫ কেজি ইলিশসহ ৪৭ জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্য থেকে ৪০ জনকে ১ মাস থেকে ১ বছর পর্যন্ত সাঁজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। অপর ৭ জনকে বয়স বিবেচনায় অর্থদন্ড প্রদান করা হয়েছে। ইলিশ এতিমখানায় বিতরণ করে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
তিনি আরো জানান, গত ৪ অক্টোবর থেকে ইলিশের অভয় আশ্রমে কোন প্রকার জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এসময় ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত করা নিষিদ্ধ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।