Saturday, 24th October, 2026

ভেদরগঞ্জে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার, ১৩ জেলে আটক

ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় অভিযান পরিচালনা করতে গিয়ে জেলেদের হামলার ঘটনায় পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলার ঘটনায় ১৩ জেলেকে আটক করেছে পুলিশ। এছাড়াও হামলার কাজে ব্যবহৃত একটি স্পীডবোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে সখিপুর থানা পুলিশ।
পুলিশ ও মৎস্য বিভাগ জানায়, শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাচিকাটা ইউনিয়নের মরিছাকান্দি এলাকায় পদ্মা নদীতে অভিযানে গেলে পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের উপর হামলা করে জেলেরা। হামলার ঘটনায় ২ পুলিশ সহ ৫ জন আহত হয়। এসময় অভিযান পরিচালনাকারী দলের স্পীডবোট উল্টে পুলিশের দুইটি চায়না রাইফেল নদীতে তলিয়ে যায়। তাৎক্ষনিকভাবে পুলিশের হারিয়ে যাওয়া একটি অস্ত্র উদ্ধার করা হলেও সন্ধান পাওয়া যায়নি অপরটির। আজ রোববার সকাল সারে সাতটার দিকে ডুবুরীদের সহায়তা খোয়া যাওয়া অপর অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ২০ জেলের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার সকাল থেকে কাঁচিকাটায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযানে নামে সখিপুর থানা পুলিশ। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জেলেকে আটক করেছে পুলিশ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, গত শনিবার অভিযান পরিচালনা করতে গিয়ে জেলেদের হামলার ঘটনায় মামলা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া পুলিশের একটি চায়না রাইফেল ডুবুরিদের সহায়তায় উদ্ধার করা হয়েছে। পুলিশ হামলাকারী জেলেদের আটকের চেষ্টা করছে।