“জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে” প্রতিপাদ্যের মাঝ দিয়ে জাজিরা উপজেলায় শুরু হয়েছে মাস ব্যাপি ইঁদুর নিধন অভিযান। ২৩ অক্টোবর শনিবার আলোচনা সভা ও ইঁদুর মারার মধ্য দিয়ে অভিযানের উদ্বোধন করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া। মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সরদার গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুর হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার আবদুস সোবহান মুন্সি, বড়গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব রহমান লিটু সরদার, পল্লী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ গাজি আকবরসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারগণ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক প্রতিনিধিবৃন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষক আঃ সালাম, উপসহকারী কৃষি অফিসার মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মোঃ নজরুল ইসলাম। সভা শেষে কৃষকদের মাঝে ইঁদুর মারা ফাদ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া বলেন, কৃষি আমাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। জাতীয় আয়ের সিংহভাগ আশে কৃষি খাত থেকে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের উৎপাদিত ফসলের একটা বড় অংশ ইঁদুর দ্বারা নষ্ট হয়। ইঁদুর যে পরিমাণ খাবার খায় তার চেয়ে বেশি কেটেকুটে নষ্ট করে।
ইঁদুর নিধন অভিযান পরিচালনার ফলে প্রতি বছর ইঁদুরের আক্রমণের হাত থেকে ফসল রক্ষার পরিমাণ বেড়েছে। ইঁদুর নিধন কার্যক্রমকে জোরদার করার ফলে ইঁদুরের আক্রমণের হাত থেকে ফসলের একটা বড় অংশ রক্ষা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।