Sunday, 25th October, 2026

শরীয়তপুরে আনসার বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে ধারণ করে শরীয়তপুরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আনসার বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশে বৃক্ষরোপণ অভিযান সফল করতে দেশীয় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করেছে দেশের প্রাচীণ এই আনসার বাহিনী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্ধোধন করা হয়।
এছাড়া শরীয়তপুর জেলার ছয়টি উপজেলার আনসার-ভিডিপি কার্যালয়, সরকারি পতিত জমি ও আনসার ভিডিপি ক্লাব চত্বরে ৪৭০ টি চারা গাছ ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশকে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আবহাওয়া অনুকুলে রাখতে জেলায় বৃক্ষ রোপণ করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের নির্দেশক্রমে আমরা বৃক্ষরোপণ করছি বিভিন্ন জেলায়। আজ আমরা শরীয়তপুরে আনসার-ভিডিপির সদস্যদের নিয়ে বাহিনীর নির্দেশনা মোতাবেক আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ করলাম। সবাইকে বৃক্ষরোপণে উদ্ধুদ্ধ করছি। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। বৃক্ষ ছাড়া আমাদের সুস্থ্য ভাবে বেঁচে থাকার বিকল্প কোনো উপায় নেই। তাপমাত্রা ঠিক রাখাসহ বিভিন্ন ভাবে বৃক্ষ আমাদের উপকার করে যাচ্ছে। আমরা বৃক্ষ রোপন করে আমাদের সদস্যদের বৃক্ষরোপণে উদ্ধুদ্ধ করাসহ দেশের সর্বসাধারণকে বলব প্রত্যেকে যেন সুযোগ থাকলেই বৃক্ষরোপণ করি।
এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক ফারুক আহমেদ সহ জেলার আনসার-ভিডিপির দলনেতা-দলনেত্রী ও ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।