শরীয়তপুরের ভেদরগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
রোববার (২৩ নভেম্বর) বিকাল ৫টায় ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর বাজারে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ভেদরগঞ্জ থানা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফজলুল হক মাতুব্বর জানান, দীর্ঘদিন ধরে একদল চিহ্নিত সন্ত্রাসী এলাকার শান্ত পরিবেশ নষ্ট করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি, বালু উত্তোলন, কৃষিজমি ধ্বংস, নিরপরাধ মানুষকে হয়রানি ও প্রাণনাশের হুমকি তাদের নিত্য কর্মকাণ্ডে পরিণত হয়েছে। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীরা অভিযোগ করেন, মাদক ব্যবসা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অনেক কিশোর-যুবক মাদকের সঙ্গে জড়িয়ে জীবন নষ্ট করছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে আছেন।
বক্তারা জানান, সন্ত্রাসী চক্রটি এলাকার সম্মানিত ব্যক্তিদের কাছে জোরপূর্বক চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর মারধর, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কিছুদিন আগে গাংসার এলাকার এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনাও তারা উল্লেখ করেন।
বিশেষ করে এলাকার মাছচাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয়। চাঁদা না দিলে তাদের পুকুরে কীটনাশক প্রয়োগের হুমকি এবং জোরপূর্বক মাছ তুলে নেওয়ার অভিযোগ উঠে আসে।
নাজিমপুরের সনামধন্য মৎস্য খামার মালিক ও বিএনপি নেতা সিদ্দিক কাজীর কাছে কয়েক দফায় ৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। পূর্বেও তিনি একাধিকবার বাধ্য হয়ে চাঁদা প্রদান করেছেন বলে দাবি করেন বক্তারা।
অভিযোগ করা হয়, সন্ত্রাসী চক্রটি বালু উত্তোলন ও ভেকু চালিয়ে কৃষিজমি ক্ষতিগ্রস্ত করছে। সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। তাদের অত্যাচারে একটি সম্ভ্রান্ত পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এ সকল অভিযোগের ভিত্তিতে সিদ্দিক কাজী বাদী হয়ে লোকমান হাওলাদার, বামন রাশেদ, আজমল হাওলাদার, সুমন হাওলাদার, রুবেল হাওলাদারসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে শরীয়তপুর আদালতে মামলা দায়ের করেছেন।
এছাড়া নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ছয়গাঁও ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের জনগণের পক্ষে বক্তব্য দেন ভেদরগঞ্জ থানা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফজলুল হক মাতুব্বর এবং ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিক কাজী।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।