জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মভূমি, পদ্মার পললে গড়া উর্বর বৃহত্তর ফরিদপুর অঞ্চল অনাদিকাল হতে কৃষিসম্পদে সমৃদ্ধ। আবহমানকাল ধরে এ অঞ্চলের সংগ্রামী মানুষের মেহনতে এ মাটিতে জন্মায় সোনার ফসল। সেই আবহমান প্রচেষ্টায় আধুনিকতার ছোঁয়া দিতে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর নামে এ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য শিক্ষামন্ত্রী মহোদয় বরাবর একটি আধা-সরকারি পত্র প্রেরণ করেন। সেই পত্রের আলোকে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে শরীয়তপুরে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছেন। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় হতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন, মহোদয়ের সাথে পরামর্শক্রমে উপযুক্ত জমি নির্বাচন ও অন্যান্য আনুষঙ্গিক কর্মকান্ড শুরু করেছে শরীয়তপুর জেলা প্রশাসন। সেই সাথে এ উন্নয়ন অগ্রযাত্রায় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এর প্রতিও জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সেই সাথে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এই আনন্দঘন মুহুর্তে শরীয়তপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন। জেলা প্রশাসক একাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করে বলেছেন, নিঃসন্দেহে শরীয়তপুরবাসী তথা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের জন্য এই বিশ্ববিদ্যালয় আশীর্বাদ ও সমৃদ্ধি বয়ে আনবে।