শরীয়তপুরে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সোমবার রাতে শরীয়তপুর জেলা শহরের রূপনগর মদিনা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক গ্রাম ডাক্তার জলিলুর রহমান। সংগঠনের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম.এম. জাহাঙ্গীর।
প্রধান অতিথির বক্তব্যে এম.এম. জাহাঙ্গীর বলেন, একজন রোগীর কাছে গ্রাম ডাক্তার বা এমবিবিএস ডাক্তার বিচার করার সময় থাকে না। অসুস্থ্য রোগী প্রথমে একজন ডাক্তারের সন্ধান চায়। সেবামূলক পেশায় একজন ডাক্তার নিযুক্ত থাকেন বলে রোগীর সাথে তাকে ডাক্তারের আচরণ করতে হবে। রোগীর রোগ নিরুপন করে সঠিক চিকিৎসা দিতে পারলেই একজন ডাক্তার স্বার্থক হবেন। সে গ্রাম ডাক্তার বা এমবিবিএস ডাক্তার হোক। একজন ডাক্তার সরাসরি একজন রোগীর সেবা করতে পারে। আমার বিশ্বাস অন্য কোন পেশায় থেকে মানুষের এতো কাছে যাওয়ার সুযোগ হয় না। তাই একজন ডাক্তারকে সকল অনিয়মের উর্ধ্বে থেকে মানুষের সেবা করতে হবে। এতেই একজন ডাক্তারের কল্যান হবে।
এই সময় মেডিকেল অফিসার ডা. মো. মইনুল হক, ডা. জেবা তাহসিন অনন্যা, গ্রাম ডাক্তার শাহরিয়ার আহসান বিপুল, খলিল সরদার, সিরাজুল ইসলাম তালুকদার, শওকত কোটারী প্রমূখ উপস্থিত ছিলেন।