স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এর উদ্যোগে শরীয়তপুরে করোনা ও ক্যান্সার প্রতিরোধে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুন) শরীয়তপুর জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ এস.এম. আবদুল্লাহ আল মুরাদ। জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রতিপাদ্য পাঠ করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাইফুর রহমান। সভায় জেলার বীর মুক্তিযোদ্ধা, সাবেক শিক্ষক ও প্রবীন ব্যক্তিগণ অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ এস এম আবদুল্লাহ আল মুরাদ তার বক্তব্যে বলেন, দেশের স্বাস্থ্য খাতকে স্মরণকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কোভিড মহামারীর আবির্ভাব। বিশেষ করে করোনার প্রাদুর্ভাবের বছরে মহামারী সংশ্লিষ্ট নানা সংকটের পাশাপাশি ব্যাহত হয়েছে ক্যান্সার ও অসংক্রামক অন্যান্য রোগের চিকিৎসা। যদিও সে সময় করোনা নিয়ে আতঙ্কের মধ্যে অনেকটা অলক্ষ্যেই বেড়েছে ক্যান্সারের প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে ২০২০ সালেই দেশে মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি। ওই বছরে শনাক্তকৃত ক্যান্সার রোগীর সংখ্যা ছিল দেড় লাখেরও বেশি।