Tuesday, 27th October, 2026

নবাগত জেলা প্রশাসকের সাথে জাজিরার কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময়

শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন জাজিরা উপজেলার সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলাইমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকিব আকরাম হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নবাগত জেলা প্রশাসকের কাছে জাজিরা উপজেলার চলমান সমস্যাগুলি তুলে ধরেন। তাঁরা এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, মাদক সমস্যার বিস্তার এবং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সকল সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার পর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং উন্নয়নের অগ্রযাত্রায় সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ নতুন জেলা প্রশাসকের সহযোগিতার আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উপজেলার উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।