Tuesday, 27th October, 2026

শরীয়তপুরে ইমামদের নেতৃত্বে সামাজিক সংস্কার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২৮ মে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, শুধু আইন প্রয়োগ করে সব কিছু রোধ করা সম্ভব নয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে ইমামদের মতো ধর্মীয় নেতৃত্বকে সম্পৃক্ত করা জরুরি। মুসলিম প্রধান দেশে ইমামরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। ইমামগণ সমাজে অত্যন্ত সম্মানিত অবস্থানে রয়েছেন। সেই হিসেবে তাদের দায়বদ্ধতাও বেশি। সরকারের নীতিমালা বাস্তবায়নে ইমামদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুরের উপ-পরিচালক ড. মুহাম্মদ আবু তালহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মুফতি মোঃ রহুল আমিন প্রমূখ।