Tuesday, 27th October, 2026

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ, দুই ঘন্টা যানচলাচল বন্ধ

শরীয়তপুরের ভেদরগঞ্জে এক সিএনজি চালককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় সড়ক অবরোধ করে দোষীদের বিচারের দাবী জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকরা।
এতে দুই ঘন্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ৪ আগস্ট দুপুরে এক যাত্রীকে পৌঁছে দেওয়াকে কেন্দ্র করে রাতে সিএনজি চালক ফারুক দেওয়ানকে মোল্লার হাট বাসস্ট্যান্ড থেকে তুলে নিয়ে যায় স্থানীয় কিছু প্রভাবশালী। এসময় তাকে মারধর করে পাশের ডামুড্যা উপজেলার একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় তারা। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ভুক্তভোগী চালক ফারুক দেওয়ান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে এই ঘটনার বিচার দাবী করে বুধবার (৬ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর মোল্লার হাট এলাকায় টায়ার জালিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ সৃষ্টি করে স্থানীয়রা।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া সিএনজি চালক লিটু আকন বলেন, দিন এনে দিন খায় ফারুক। ওর কোনো রাজনৈতিক পরিচয় নাই। যাত্রী নামিয়ে দেওয়া নিয়ে যারা ওকে মারল। সড়কে নিরাপত্তা নেই। প্রতিদিন কোনো না কোনো চালক মার খায়। প্রশাসন শুধু আশ্বাস দেয়, কাজের কাজ কিছু হয় না। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
আহত সিএনজি চালক ফারুক দেওয়ানের ভাই রফিক দেওয়ান বলেন, যাত্রী নামিয়ে দেওয়াকে নিয়ে আমার ভাই ফারুক দেওয়ানকে সন্ত্রাসীরা মারধর করে হাত-পা ভেঙে রাস্তায় ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে ডামুড্যা থেকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, হামলার ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো। সড়কে অবরোধ তুলে দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।