Tuesday, 27th October, 2026

শরীয়তপুরে নবজাতক হত্যা মামলার আসামী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হোতা গ্রেফতার

শরীতপুর জেলা শহরের বহুল আলোচিত অ্যাম্বুলেন্স আটকিয়ে রেখে নবজাতক হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব-৮) অভিযান চালিয়ে পালং মডেল থানায় দায়েরকৃত নবজাতক হত্যা মামলার প্রধান আসামী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হোতা সবুজ দেওয়ান কে (২৮) গ্রেফতার করেছে।
শনিবার (১৬ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের বেড়া চিকন্দী গ্রামের সেলিম শেখের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী নুর হোসেন সরদার জানান, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গত ১৪ আগস্ট দুপুরে শরীয়তপুরের নিউ মেট্রো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে ভর্তি করা হয়। সে দিন বিকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম হয়। নবজাতক জন্মের পরে অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তারা ভাড়া করা একটি অ্যাম্বুলেন্সে উঠলে সবুজ দেওয়ানসহ কয়েকজন গাড়ির গতিরোধ করে। তাদের অ্যাম্বুলেন্স ব্যবহার করার জন্য প্রভাব বিস্তার করে। তারা ভাড়া করা ঢাকাগামী অ্যাম্বুলেন্সের চাবি ছিনিয়ে নেয়। প্রায় ৪০ মিনিট জোরপূর্বক আটকে রাখার কারণে শিশুটিকে সময়মতো উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে অ্যাম্বুলেন্সের ভিতরে শিশুটি মারা যায়।
এ ঘটনায় রাত ১টায় ১৬ আগস্ট সে বাদী হয়ে পালং মডেল থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, মামলাটি আমলে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা কওে শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে পালং মডেল থানার বেড়া চিকন্দী গ্রামের সেলিম শেখের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামী সবুজ দেওয়ানকে পালং মডেল থানায় সোপর্দ করা হয়েছে।