Saturday, 24th October, 2026

শরীয়তপুরে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমরা শক্তি, আমরা বল জাতীয়তাবাদী যুবদল এই প্রতিপাদ্যে শরীয়তপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের সম্মিলিত উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আনন্দ মিছিল বের হয়ে পৌরসভা অডিটোরিয়ামে এসে মিলিত হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান এবং বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি এজাজুল হক মামুন।
এছাড়াও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনির মাঝি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবরসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আগে আমরা আলাদা করে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতাম, কিন্তু এবছর ঐক্যবদ্ধভাবে আয়োজন করতে পেরেছি এটি আমাদের জন্য আনন্দের বিষয়।
তারা আরও বলেন, আজকের এই অনুষ্ঠান থেকেই আমরা বার্তা দিতে চাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।