শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের গৌড়াইল গ্রাম থেকে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জপসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গৌড়াইল গ্রামের বাসিন্দা মো. ইউনুছ হাওলাদার (৬৩), পিতা মৃত সলিমুদ্দিন হাওলাদারের বাড়ির উঠানের উত্তর পাশে অব্যবহৃত মুরগির ঘর পরিষ্কার করার সময় একটি বালতির ভেতরে বিস্ফোরক সদৃশ বস্তু দেখতে পান তার পুত্রবধূ নাজমা আক্তার (২২)। তিনি চার মাস আগে সন্তান জন্ম দেওয়ার পর বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং ঘটনার আগের দিন স্বামীর বাড়িতে ফেরেন।
সকালে উঠান ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে বালতিটি সরাতে গেলে এর ভেতর থেকে একটি ককটেল নিচে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিক ভাবে পরিবারের সদস্যদের জানান এবং পরে শ্বশুর মো. ইউনুছ হাওলাদারকে অবগত করেন। এরপর ইউনুছ হাওলাদার নড়িয়া থানা পুলিশ ও সেনাবাহিনীকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল এবং নড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে ১৬টি ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধার করা ককটেলগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে ককটেলগুলো কে বা কারা ওই স্থানে রেখেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উদ্বেগ সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।