শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ায় অবস্থিত সোনামনি কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল গৌরবময় ২৫ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে পুনর্মিলনী, রজত জয়ন্তী, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ আয়োজন করা হয়। শনিবার (২৩ মে) দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তী উদযাপন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রুহুল আমিন মুন্সীর সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যাডভোকেট মুনিরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিস এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম এমপি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান বিগত ২৫ বছর ধরে ছোট ছোট বাচ্চাদের সমাজের ও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছে। আগামীতেও তাদের ধারাবাহিকতা বজায় রাখবেন। বিগত দিনে আমরা এই প্রতিষ্ঠানটিকে যে ভাবে সহযোগিতা করেছি আগামীতেও তার ধারাবাহিকতা বজায় রাখব। এই প্রতিষ্ঠানটি যেভাবে একটি সেরা প্রতিষ্ঠানে পরিনত হতে পারে সেই ভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।