Monday, 26th October, 2026

শুভেচ্ছা বার্তা নিয়ে অসুস্থ মুক্তিযোদ্ধার বাসায় জাজিরার ইউএনও

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী জাতির শ্রেষ্ঠ সন্তান ও জাতি গড়ার কারিগর অসুস্থ রাজ্জাক মাস্টার কে দেখতে তার বাস ভবনে গেলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল (চলতি দায়িত্ব) কমান্ডার মোঃ কামরুল হাসান সোহেল। এ সময় তিনি অসুস্থ বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক মাস্টারের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সেই সাথে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর পক্ষ থেকে আরোগ্য কামনা করে একটি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল জানান, আমাদের জাজিরা উপজেলার বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক স্যার। তিনি একাত্তরে আমাদের মুক্তির জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। দেশ স্বাধীন হবার পরে আবার আরেকটি যুদ্ধ শুরু করেন। আর সে যুদ্ধটি হচ্ছে সোনার বাংলায় মানুষ গড়ার যুদ্ধ। তিনি শিক্ষাদানের মাঝ দিয়ে আমাদের সর্বজন শ্রদ্ধেয় রাজ্জাক স্যারে পরিনত হন। সারাজীবন শিক্ষকতা করেছেন, আলো দিয়েছেন আমাদের মতো হাজার হাজার শিক্ষার্থীকে। আমি যখন শুনলাম বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক স্যার কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তখনই আমি ডিসি স্যারের সাথে যোগাযোগ করে তার বাড়িতে চলে যাই। তিনি এখন কিছুটা সুস্থ। রাজ্জাক স্যারের বাসভবনে গিয়ে আমি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেই। পাশাপাশি শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে তার আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেই। সেই সাথে আমরা মহান আল্লাহর দরবারে আমাদের সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক স্যারের দ্রুত রোগ মুক্তি কামনা করছি।